মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, তিনি আর নোবেল পুরস্কার পাওয়ার প্রতি আগ্রহী নন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনারের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
বিদেশি নেতাদের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে নোবেল পুরস্কার নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, আমি নোবেল পুরস্কার নিয়ে কথা বলি না। আমি এতে আগ্রহী নই।’
এর আগে ট্রাম্প বারবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং নিজেকে এ পুরস্কার পাওয়ার যোগ্য দাবি করেছিলেন। একাধিকবার তিনি বলেছেন, ‘আমি একা আটটি যুদ্ধ থামিয়েছি, তারপরও নোবেল কমিটি আমাকে পুরস্কার দেয়নি।’ সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘কিন্তু তাতে কিছু আসে যায় না! গুরুত্বপূর্ণ বিষয় হল আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।’
এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ভবিষ্যতে নোবেল শান্তি পুরস্কারের প্রতি তার আগ্রহ নেই এবং তিনি এটি নিয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক আলোচনা চালাবেন না।


