হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছে মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশেষ করে সিঙ্গাপুরে তার চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন।

শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করে মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।