জাতীয় সংসদে ওয়াকআউট করা দীর্ঘদিনের একটি প্রচলিত রীতি বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘সংসদে ওয়াকআউট করা দীর্ঘদিনের প্রচলিত রীতি। তবে আমরা আশা করবো বিরোধী দল এমন কোনো কাজ করবে না যাতে ফ্যাসিস্টদের আবার উত্থান ঘটে।’
জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক একটি কার্যকর সংসদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও জানান, সংসদ পরিচালনায় স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবেন।
হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্পিকার ও ডেপুটি স্পিকার।


