ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান পাঠানো বার্তায় বলা হয়, দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে ইমাম ও মুয়াজ্জিনদের যে সম্মানী দেওয়ার দাবি ছিল, তা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার।

সরকারি সূত্রে জানা গেছে, শুধু মসজিদের ইমাম-মুয়াজ্জিনই নয়, দেশের সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। একই দিনে মসজিদের খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানী প্রদান কার্যক্রমের সূচনা করা হবে।

সরকারের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঘোষণার পর ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, এই সম্মানী কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কয়েক হাজার সেবক সরাসরি উপকৃত হবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছতা বজায় রেখে সম্মানী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সরকারের ইতিবাচক মনোভাবের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।