ভারতের রাজ্যসভা জানিয়েছে, গত ১৮ মাসে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার অভিযোগ এসেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এই তথ্য মানবাধিকার সংগঠনগুলোর বরাতে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা উপস্থাপন করেছেন।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনাগুলো এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কোনো বিস্তারিত তালিকা বা নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
পবিত্র মার্গেরিটা বলেন, ভারত সরকার নিয়মিতভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।
ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশে ভারতীয় মিশনগুলো সক্রিয় রয়েছে এবং ২৪ ঘণ্টা চালু রাখা জরুরি হেল্পলাইনও সেটি নিশ্চিত করছে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন লক্ষ্য করা যাচ্ছে। সেই সময় থেকেই হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ ভারত সরকার নিয়মিতভাবে তুলে ধরছে। তবে সেই সময়ে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


