বাবর আজমের বিরুদ্ধে মামলা নথিভুক্তির নির্দেশ বাতিল করলো লাহোর হাইকোর্ট

পাকিস্তান ক্রিকেটের অন্যতম আলোচিত তারকা বাবর আজম (Babar Azam)-কে ঘিরে দীর্ঘদিন ধরে চলা আইনি বিতর্কে নতুন মোড় এসেছে। লাহোর হাইকোর্ট বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে তার বিরুদ্ধে মামলা করার পূর্বের নির্দেশ বাতিল করে দিয়েছে।

এর আগে একটি সেশনস কোর্ট বাবর আজমের বিরুদ্ধে এক নারীর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। তবে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানির পর সেই আবেদনের প্রেক্ষিতে সেশনস কোর্টের দেওয়া আদেশ বাতিল করা হয়। ফলে বাবর আজমের বিরুদ্ধে অভিযোগভিত্তিক মামলা করার আদেশ আর কার্যকর থাকবে না।

বাবরের আইনজীবী আদালতে জানান, অভিযোগকারী নারী ২০১৮ সালে বাবর আজমের বিরুদ্ধে একটি ভিত্তিহীন আবেদন করেছিলেন। ওই আবেদনে বাবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছিল। আইনজীবীর দাবি অনুযায়ী, পরে ওই নারী বাবর আজমের কাছে অর্থ দাবি করেন, যা বাবর প্রত্যাখ্যান করেন। এরপর নারী বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে ‘জাস্টিস অব পিস’ের কাছে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে জাস্টিস অব পিস বাবর আজমের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।

আইনজীবী আদালতে বলেন, সেশনস কোর্টের দেওয়া সেই নির্দেশনা প্রচলিত আইন ও প্রক্রিয়ার পরিপন্থি ছিল। তাই সেটি বাতিল করা প্রয়োজন। আদালত আইনজীবীর যুক্তি দীর্ঘ শুনানি শেষে সব দিক বিবেচনা করে সেই আবেদন মঞ্জুর করে। আদালতের নির্দেশ অনুযায়ী, বাবর আজমের বিরুদ্ধে পূর্বে দেওয়া মামলা নথিভুক্ত করার আদেশ আর বহাল থাকছে না।