মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (Sardar Md. Sakawat Hossain)। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাসপাতালে প্রবেশ করে তিনি চিকিৎসকদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, রোগীদের সেবার মান, হাসপাতালের স্টোর রুম, বাথরুম এবং আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, হাসপাতালের মোট ৩২ চিকিৎসকের মধ্যে ১২ জনের এ্যাটাচমেন্টে ৪ জন অনুপস্থিত। ১৫ চিকিৎসক দিয়ে কীভাবে হাসপাতাল পরিচালনা করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি জানান, যারা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালে দালালদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অ্যাম্বুলেন্স ব্যবহারে দালালির বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করা, চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং যাতে জনগণ বিনা হয়রানিতে চিকিৎসা নিতে পারে। বিশেষ করে গ্রামীণ জনগণ যাতে ভালো সেবা পায়, সেদিকেও নজর রাখছি।”
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত মন্ত্রী সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন। এ সময় সিংগাইর পৌরসভার আয়োজনে পূর্বনির্ধারিত মশকনিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন তিনি।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
