পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন মাওলানা আব্দুল হালিম (Maulana Abdul Halim)। তিনি বলেন, যথাযথ মর্যাদার সঙ্গে সিয়াম সাধনা পালনের মাধ্যমে একজন মুমিন পূর্ণাঙ্গ মুত্তাকি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
শনিবার রাজধানীর সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ‘সিয়াম ও রমাদান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন (Bangladesh Majlisul Mufassirin)।
তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র—মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার যথাযথ চর্চা প্রতিষ্ঠা করা গেলে সমাজ থেকে অপরাধ, অন্যায় ও জুলুম দূর করা সম্ভব। রমজানের শিক্ষা মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে এবং নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ (Maulana Abdul Hamid)-এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন (Maulana Nurul Amin)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. মুফতি খলিলুর রহমান মাদানী (Mufti Khalilur Rahman Madani)।
তিনি তার বক্তব্যে সুন্দর সমাজ গঠনে মুফাসসিরদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি যে কোনো সামাজিক সংকট মোকাবিলায় মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শাইখুল হাদিস মাওলানা যাইনুল আবেদীন, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, হাফেজ মাওলানা মুনতাকিম এমপি, মুফতি আমির হামজা এমপি, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মাওলানা হাবিবুর রহমান, হেফাজতে ইসলাম (Hefazat-e-Islam)-এর নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ড. আ ন ম রশিদ আহমাদ মাদানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন নাসেরী (পীর সাহেব মিরেরসরাই), সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমাদ, মুহাদ্দিস মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাও এ এইচ এম আবুল কালাম আযাদ, ড. মুফতি জাকারিয়া নুর, মাওলানা আব্দুল কাহহার নেসারী এবং মুফতি মাসুম বিল্লাহ মাদানীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
