সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংস্কার পরিষদ’-এর কোনো আইনি অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রমে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিষয়টি এখনো বিচারাধীন এবং এটি আইনে পরিণত হলে তখন পরবর্তী পদক্ষেপ দেখা যাবে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammad Shahabuddin) সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না।’
তিনি আরও জানান, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন যাতে তারা দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে এমন কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই। যদি গণভোটের মাধ্যমে এ ধরনের পরিষদের প্রয়োজনীয়তা উঠে আসে, তাহলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংসদে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সংশোধনী পাস হওয়ার পরই তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের পর প্রয়োজন হলে পরিষদ গঠন, শপথ গ্রহণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
