মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’ বাংলাদেশে ফেরার পথে হরমুজ প্রণালি অতিক্রম করতে না পেরে আবার পারস্য উপসাগরে ফিরে গেছে।
বিএসসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজটি হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে। গত বৃহস্পতিবার জাহাজটি বাংলাদেশে ফেরার জন্য প্রণালি অতিক্রমের চেষ্টা করলেও ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে তা সম্ভব হয়নি।
বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগর উপকূলের শারজা এলাকার বহির্নোঙর স্থানে অবস্থান করছে। বৈশ্বিক জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্যেও জাহাজটির অবস্থান সেখানে দেখা গেছে।
জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
বিএসসি সূত্র জানায়, ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
এরপর ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ করে জাহাজটি। পরবর্তী গন্তব্য ছিল কুয়েতের একটি বন্দর, যেখানে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল।
তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হলে ঝুঁকি এড়াতে জাহাজটি বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শিপিং করপোরেশন। সেই অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালি হয়ে দেশে ফেরার যাত্রা শুরু করে।
সূত্র জানায়, গত ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার খবর পান নাবিকরা। এ সময় সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।
পরে জাহাজটি দিক পরিবর্তন করে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।
এদিকে জাহাজটি যেন নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় নোঙর করে আছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ট্রিপে কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।


