জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেত প্রতি ঈদেই দর্শকদের জন্য নির্মাণ করেন একটি বিশেষ নাটক। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন নতুন নাটক ‘ভালোবেসে অবশেষে’। তার ঈদের নাটকগুলো যেমন নামের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য বহন করে, তেমনি গল্পেও থাকে ভিন্ন স্বাদ, বৈচিত্র্য এবং একটি সামাজিক বার্তা।
‘ভালোবেসে অবশেষে’ নাটকের গল্প গড়ে উঠেছে রানা ও নীলাকে ঘিরে। তারা ছোটবেলা থেকে একই গ্রামে বড় হয়েছে। শৈশবের বন্ধুত্বের মধ্যে ছিল খুনসুটি আর মিষ্টি ঝগড়া। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে যায়—পড়াশোনার জন্য নীলা বিদেশে চলে যায়। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে সে। বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে গিয়ে হঠাৎই দেখা হয়ে যায় তার ছোটবেলার খেলার সাথি রানার সঙ্গে। সেই দেখা থেকেই শুরু হয় নতুন কিছু ঘটনা, যা ধীরে ধীরে গল্পকে ভিন্ন মোড়ে নিয়ে যায়। রানা ও নীলাকে ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটকটিতে রানার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ (Irfan Sajjad) এবং নীলার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি (Jannatul Sumaiya Himi)। এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম (Shahiduzzaman Selim), মুনমুন আহমেদ (Munmun Ahmed), আরফান আহমেদ (Arfan Ahmed) এবং সুভাশিষ ভৌমিক (Subhashish Bhowmik)।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত নিজেই, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী এবং গানটি কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ঈদের সময় বিভিন্ন চ্যানেলে অনেক নাটক একাধিকবার প্রচারিত হলেও হানিফ সংকেতের ঈদের নাটক সাধারণত একটি চ্যানেলেই সম্প্রচারিত হয়। দীর্ঘ দুই দশক ধরে তিনি প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করে আসছেন, যা একমাত্র এটিএন বাংলা (ATN Bangla)-তেই প্রচারিত হয়।
এটিএন বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু হানিফ সংকেত শুধুমাত্র তাদের চ্যানেলের জন্যই এই নাটক নির্মাণ করেন, তাই ঈদের দিনের ব্যস্ততার মাঝেও অনেক দর্শক পরিবার নিয়ে তার নাটক দেখার জন্য অপেক্ষা করেন। কারণ তার নাটকগুলো সবসময়ই পারিবারিক আবহে নির্মিত হয় এবং দর্শকদের কাছে বিশেষ আবেদন তৈরি করে।
এবারের ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘ভালোবেসে অবশেষে’।


