পুলিশের পোশাকে পরিবর্তনের ইঙ্গিত: ঐতিহ্যবাহী ইউনিফর্ম নিয়ে ভাবছে সরকার

বর্তমান পোশাক নিয়ে অসন্তোষের কথা তুলে ধরে বাংলাদেশ পুলিশের জন্য ঐতিহ্যবাহী নতুন ইউনিফর্ম প্রবর্তনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)।

শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি (Bangladesh Police Academy), সারদায় ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, “বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা বুঝেছি—বর্তমান পোশাকে তারা সন্তুষ্ট নন। তাই যেন একটি ঐতিহ্য মন্ডিত পোশাক পুলিশ বাহিনী পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।”

পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়—পুলিশ হবে জনগণের বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার রয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে ইতোমধ্যে জনবল বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এমন এক পুলিশ বাহিনী চাই, যারা ক্ষমতার অপব্যবহার করবে না। বরং অপরাধীর মনে ভয় এবং নিরপরাধ মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (Mizanur Rahman Minu), পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির (Ali Hossain Fakir), পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান এবং উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।