টুকুকে ঘিরে কুষ্টিয়ায় বিতর্কিত মন্তব্য: ‘তারেক রহমানকে খাম্বা বলার পেছনে বিদ্যুৎ খাতই দায়ী’

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা (Mufti Amir Hamza) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (Iqbal Hasan Mahmud Tuku)-কে ঘিরে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তারেক রহমানকে ‘খাম্বা’ বলে ডাকার পেছনে বিদ্যুৎ খাতের নানা বিতর্কই মূল কারণ।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলোচনার সময় প্রতিমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করে আমির হামজা বলেন, “এই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। উনার বক্তব্য দেখেছেন? উনি বলছেন—এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। অথচ মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা ধর্ম বিদ্বেষী কি না।”

মন্ত্রীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার মূল কারণ এই টুকু। তিনি আগেও এই দায়িত্বে থাকাকালীন বিতর্কিত ছিলেন। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।”

এসময় তিনি স্থানীয় জ্বালানি সংকটের চিত্র তুলে ধরেন। কুষ্টিয়ার মজমপুর ও বিআরবি কেবল এলাকার তেল পাম্পগুলোর পরিস্থিতি উল্লেখ করে বলেন, “একবার গিয়ে দেখুন কী হাহাকার চলছে। আমি নিজে সকাল থেকে মেডিকেলে ছিলাম—জেনারেটর চালানোর জন্য ৫ লিটারের বেশি তেল দিচ্ছে না। বিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন বিপন্ন।”

তার বক্তব্যে বর্তমান জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ ফুটে ওঠে। তিনি মনে করেন, দায়িত্বে অযোগ্য ব্যক্তিদের থাকার কারণেই সাধারণ মানুষ এমন ভোগান্তির মুখে পড়ছেন।