মোহামেডান ক্লাবে সৌজন্য সফরে মির্জা ফখরুল, ফুটবলের হারানো জৌলুস ফিরে আনার আশা

দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানে (Dhaka Mohammedan) সৌজন্য সফর করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তার উপস্থিতিতে মোহামেডান ক্লাবে উৎসবের আমেজ তৈরি হয়। এসময় ক্লাবের স্থায়ী সদস্য, মন্ত্রিপরিষদের একাধিক সদস্য ও দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সফরে উপস্থিত ছিলেন মোহামেডানের ফুটবল দলের অধিনায়ক ও যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক (Aminul Haque), পাট ও বস্ত্রমন্ত্রী শরিফুল আলম (Shariful Alam), সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব (Habibur Rashid Habib), প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi), বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রশিদ উজ-জামান মিল্লাত (Rashid Uz-Zaman Millat), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম (Abdus Salam) সহ সংসদ সদস্য ও ক্লাবের সাবেক তারকা ক্রীড়াবিদরা।

মির্জা ফখরুল বলেন, মোহামেডান-আবাহনী ফুটবলের সেই হারানো জৌলুস তিনি আবার দেখতে চান। একসময় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ম্যাচে দর্শকদের মধ্যে যে উত্তেজনা দেখা যেত, তা আজ নেই। তিনি বলেন, “মোহামেডান শুধু একটি ক্লাব নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের একটি বড় অংশ। দেশের ফুটবল, ক্রিকেট ও হকির বহু গৌরবোজ্জ্বল মুহূর্তের সঙ্গে এই ক্লাব জড়িয়ে আছে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা অঙ্গনে আসলে মনে হয় আমি নিজের ঘরে এসেছি। আমরা অন্ধকার সময় থেকে বের হয়ে এসেছি, নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি।”

সৌজন্য সফরের প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)কে ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশে ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো মাসিক ভাতা চালু হয়েছে। এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণা।” যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মোহামেডানের পাশাপাশি আবাহনী ও অন্যান্য ক্লাবকেও গুরুত্ব দিয়ে বলেন, “বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডানের অবদান অনেক। আমরা আবাহনীসহ অন্যান্য ক্লাবকেও এগিয়ে নিতে চাই।”