হামে ৪৭ শিশু মৃ’ত্যু: তদন্ত কমিটি ও স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশু মৃ’ত্যুর ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্ট (High Court)-এর সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করা হয়। জানা গেছে, আজই একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিটে বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এতে আদালতের কাছে জানতে চাওয়া হয়েছে—হাম প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।

আবেদনে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে না পারা, টিকার পর্যাপ্ত প্রাপ্যতা বজায় রাখতে ব্যর্থতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, দেশের শিশুদের জীবন সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এ প্রেক্ষিতে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে উন্নত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট এবং আইসিইউ সুবিধাসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনাও প্রার্থনা করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে শিশুস্বাস্থ্য সুরক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। এখন আদালতের নির্দেশনার দিকে তাকিয়ে আছে পুরো দেশ।