ইরানে উদ্ধার অভিযানে গিয়ে মার্কিন সি-১৩০ বিমান ধ্বংসের দাবি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক বিমান ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি সি-১৩০ হারকিউলিস বিমানকে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে এই ঘটনা ঘটে। এর আগে ৩ এপ্রিল ইরানের অভ্যন্তরে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে ওই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘ফারাজ রেঞ্জার্স’ নামের একটি পুলিশ কমান্ডো ইউনিট বিমানটি ধ্বংস করেছে। তাদের দাবি অনুযায়ী, এটি ছিল একটি সি-১৩০ শ্রেণির সামরিক পরিবহন বিমান, যা অভিযানে ব্যবহৃত হচ্ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিমানটি ‘পবিত্র ভূমিতে অনধিকার প্রবেশকারী আক্রমণকারীদের’ জন্য রসদ সরবরাহ করছিল বলে অভিযোগ করা হয়েছে।

সি-১৩০ হারকিউলিস সম্পর্কে জানা যায়, এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি বহুল ব্যবহৃত সামরিক পরিবহন বিমান। চার ইঞ্জিনের এই টার্বোপ্রপ বিমানটি মূলত কৌশলগত কার্গো পরিবহন, প্যারাট্রুপার নামানো এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য ব্যবহৃত হয়।

১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা সামরিক বিমানগুলোর একটি। বর্তমানে ৬০টিরও বেশি দেশে এই বিমান সক্রিয় রয়েছে এবং সৈন্য পরিবহন, ত্রাণ কার্যক্রম, চিকিৎসা সহায়তা ও অগ্নিনির্বাপণসহ বহুমুখী কাজে ব্যবহৃত হচ্ছে।

ইরানের এই দাবি নতুন করে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।