সামাজিক মাধ্যমে মন্তব্যের জেরে ২৮ বিচারক শো’\কজ, ৭ দিনের মধ্যে ব্যাখ্যার নির্দেশ

বিচার বিভাগ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে অধস্তন আদালতের ২৮ জন বিচারককে শো’\কজ করেছে আইন মন্ত্রণালয়। এ ঘটনায় বিচার প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। সংশ্লিষ্ট বিচারকদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত শো’\কজ নোটিশ জারি করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

শো’\কজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য এবং উসকানিমূলক বক্তব্য প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিচারকরা। এতে ব্যক্তিগত অনুভূতি প্রকাশের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্ট (Supreme Court of Bangladesh)-এর হাইকোর্ট বিভাগ কর্তৃক জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ (Misconduct) হিসেবে বিবেচিত। পাশাপাশি এসব কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (Bangladesh Judicial Service)-এর শৃঙ্খলা বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কাজে লিপ্ত হওয়ার অভিযোগও উঠেছে, যা একইভাবে অসদাচরণের শামিল।

এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুসারে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট মহলে ইঙ্গিত মিলেছে।