ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস, দিল্লি বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস এসেছে দিল্লি থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ ও দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) দিল্লির হায়দরাবাদ হাউসে খলিলুর রহমান (Khalilur Rahman) এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আশ্বাস উঠে আসে।

বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এটিই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক, যা কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। বৈঠক শেষে এস জয়শঙ্কর তার এক্স (সাবেক টুইটার) বার্তায় জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে এবং উভয় দেশই সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান সহযোগিতার কাঠামো ব্যবহার করে অংশীদারত্ব জোরদারের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি রোগীদের জন্য দ্রুততম সময়ে চিকিৎসা ভিসা চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা বহুদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হ’\ত্যা মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

একইসঙ্গে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথমবারের মতো দিল্লির সঙ্গে সরাসরি আলোচনায় তার প্রত্যর্পণের বিষয়টি সামনে এলো।

বৈঠকে খলিলুর রহমান আরও স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)-এর সঙ্গে বৈঠকে জ্বালানি সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশ থেকে ডিজেল ও সার সরবরাহ বৃদ্ধির অনুরোধ জানানো হয়। জবাবে ভারত এই বিষয়ে দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেয়।

এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রীর একটি কূটনৈতিক চিঠি। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উদ্দেশে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সেই চিঠি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে বিজয় চোথাউওয়ালে এক্সে জানান, দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।