হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

হজযাত্রার সময় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য হজযাত্রীদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ অনুবিভাগ থেকে জানানো হয়েছে, কোনো হজ এজেন্সি বা অন্য কারও প্ররোচনায় নিষিদ্ধ সামগ্রী বহন করা যাবে না।

সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জদ্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) (Kazi Shah Mofazzal Hossain Kaykobad) বলেন, বিগত বছরগুলোতে একাধিকবার সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। বারবার সতর্ক করার পরও এ ধরনের ঘটনা ঘটায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এ বিষয়ে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সেদেশের প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে বা হজ করার সুযোগও নষ্ট হতে পারে।

তিনি আরও বলেন, কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না, এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে।