“কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে”—কৃষক কার্ড কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষকদের উন্নয়নকে দেশের সামগ্রিক অগ্রগতির মূলভিত্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) বলেছেন, কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাংলা নববর্ষ উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক উৎসবে পরিণত হলেও এর শিকড় মূলত কৃষির সঙ্গে জড়িত। সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এই দিনে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে ২ কোটি ৭৫ লাখ চাষিকে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি বলেন, এটি নির্বাচনের আগে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর একটি। একইসঙ্গে সরকার কৃষকদের স্বস্তি দিতে কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছে, যার সুবিধা ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষক পেয়েছেন।

কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, কৃষিপ্রধান অঞ্চলে কৃষি-সম্পর্কিত শিল্পকারখানা গড়ে তোলা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। এ লক্ষ্যে দেশীয় ও বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে এবং কোল্ডস্টোরেজ স্থাপনে আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।

দেশ পুনর্গঠনের সময় এখন—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার জনগণের সরকার এবং তাদের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, সবাই নিজের দেশকে উন্নত দেখতে চায় এবং সেই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতা অপরিহার্য।

কৃষি ও পরিবেশ রক্ষায় সরকার বিশেষ উদ্যোগ নেবে জানিয়ে তিনি বলেন, সারাদেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি, কারণ ইতোমধ্যেই পানির স্তর হ্রাস পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।