‘ওবামার চুক্তির চেয়ে ভালো হবে’—ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন বার্তা

ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় ‘অনেক ভালো’ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)-র সময় স্বাক্ষরিত চুক্তিটিকে আবারও কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে (Truth Social) দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের সঙ্গে যে চুক্তি করছি, তা ‘জেসিপিওএ’—দ্য জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (JCPOA)—যা ‘ইরান নিউক্লিয়ার ডিল’ নামে পরিচিত, তার চেয়ে অনেক ভালো হবে।’

তিনি আরও বলেন, ওই চুক্তি ছিল ‘আমাদের দেশের নিরাপত্তার দিক থেকে সবচেয়ে খারাপ চুক্তিগুলোর একটি’, যা বারাক হুসেইন ওবামা এবং ‘স্লিপি জো’ জো বাইডেন (Joe Biden) সম্পাদন করেছিলেন।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের প্রস্তাবিত নতুন চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি তিনি ইরানের সম্পদ অবমুক্ত করা ও অতীতের আর্থিক লেনদেনের প্রসঙ্গ তুলে ধরে ইঙ্গিত দেন, তার নেতৃত্বে যে কোনো চুক্তির কাঠামো ও ফলাফল সম্পূর্ণ ভিন্ন হবে।

সিএনএন (CNN) এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করছে, যা ওবামা আমলের চুক্তিতে অনুমোদিত অর্থের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ট্রাম্প বলেন, ‘ওই চুক্তি ছিল একটি নিশ্চিত পথ, যা ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল—যা আমাদের বর্তমান চুক্তিতে কখনোই ঘটবে না।’ তিনি আরও দাবি করেন, ‘ইরানকে শত শত বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল। আমি যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি আমাদের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও পারমাণবিক অস্ত্র ব্যবহার হতো।’

উল্লেখ্য, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে এই পারমাণবিক চুক্তি সম্পাদিত হয়, যার লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা। চুক্তির আওতায় ইরান সেন্ট্রিফিউজ ও ইউরেনিয়ামের মজুত কমাতে সম্মত হয়েছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছিল।

তবে ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর আগে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছিল, ইরান চুক্তির শর্ত মেনে চলছিল এবং পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি বজায় রেখেছিল।