নিউইয়র্ক কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি, আসিম আজহারকে ঘিরে পুরোনো গুঞ্জন ফের আলোচনায়

পাকিস্তানি বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir) ও সংগীতশিল্পী আসিম আজহার (Asim Azhar)। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক কনসার্টে হানিয়ার উপস্থিতি তাদের সম্পর্ক নিয়ে পুরোনো গুঞ্জনকে নতুন করে উসকে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্টে উপস্থিত হানিয়া নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। মুখে কাপড় জড়িয়ে এবং মাথায় টুপি পরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি নিজের জনপ্রিয় নাটকের গান ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ গাইছিলেন। তবে তার এই প্রচেষ্টা বেশিক্ষণ গোপন থাকেনি—ভক্তরা দ্রুতই তাকে চিনে ফেলেন।

পরবর্তীতে অনেকেই সামাজিক মাধ্যমে হানিয়ার এই উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ ভিডিওটি শেয়ার করে তাদের আনন্দের কথা জানান, আবার অনেকে এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু করেন।

২০১৮ সাল থেকেই হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে ২০২৫ সালের জুনে আসিম আজহার তার সাবেক বাগদত্তা মেরুব আলির সঙ্গে বিচ্ছেদের পর থেকে এই জল্পনা আবারও জোরালো হয়। নিউইয়র্কের কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই আলোচনাকে আরও তীব্র করে তুলেছে। সামাজিক মাধ্যমে অনেক ভক্তই এই জুটিকে একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করছেন, এমনকি কেউ কেউ বিয়ের আহ্বানও জানিয়েছেন।

এদিকে জল্পনায় নতুন মাত্রা যোগ করেন হানিয়া নিজেই। কনসার্টের পর তিনি ইনস্টাগ্রামে নিউইয়র্কের রাস্তায় হাঁটার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ‘Outta My Mind’ গানটি গাইতে শোনা যায়। গানটি কানাডীয় শিল্পী মনসুনের, যা তার ভক্তদের মধ্যে আরও আগ্রহ তৈরি করেছে।

অন্যদিকে, আসিম আজহার বর্তমানে উত্তর আমেরিকাজুড়ে একটি রেকর্ডগড়া কনসার্ট ট্যুরে ব্যস্ত সময় পার করছেন। জানা গেছে, তার এই ট্যুরের বেশিরভাগ শো-ই প্রায় হাউসফুল, যা তার জনপ্রিয়তার প্রমাণ বহন করে।