ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে ঘিরে শুরু থেকেই আলোচনায় ছিল শোবিজ অঙ্গনের পরিচিত মুখগুলো। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো তারকারই। এতে নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দৌড়ে কনকচাঁপা ও বেবী নাজনীনসহ বেশ কয়েকজন হেভিওয়েট শিল্পীর নাম আলোচনায় থাকলেও দলীয় সিদ্ধান্তে তারা বাদ পড়েন। বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
গত ২০ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই পদক্ষেপকে ইতিবাচক বলে বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ প্রিয় তারকাদের বাদ পড়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি (Nazmun Munira Nancy)। ২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে তিনি বিএনপির এই সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানান।
ন্যান্সি তার পোস্টে লেখেন, ‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল—এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’
তার এই বক্তব্য প্রকাশের পর কমেন্ট সেকশনেও সমর্থনের ঢেউ দেখা যায়। অনেক অনুসারী তার মতের সঙ্গে একমত প্রকাশ করে মন্তব্য করেন। কেউ লেখেন, ‘এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী’, আবার কেউ বলেন, ‘আপনার সঙ্গে আমিও একমত।’
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)। তিন দিনের মধ্যে প্রায় এক হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। এই তালিকায় শোবিজ অঙ্গনের বহু পরিচিত নাম ছিল, যেমন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে।
তবে ২০ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত তালিকা জানিয়ে দেয়—দলটি এবার কোনো তারকাকেই মনোনয়ন দেয়নি।
এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক এখনও থামেনি। কেউ এটিকে রাজনীতিতে পেশাদারিত্বের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন জনপ্রিয় মুখদের সম্পৃক্ততা রাজনৈতিক যোগাযোগকে আরও বিস্তৃত করতে পারত। এর মধ্যেই ন্যান্সির প্রকাশ্য সমর্থন আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।


