শেনজেন ভিসাপ্রাপ্ত যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো। সোমবার (২৭ এপ্রিল) সকালে জার্মান দূতাবাস, ঢাকা (German Embassy Dhaka)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনার বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব যাত্রীর শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত পরিকল্পনার বাইরে গিয়ে ভ্রমণ করলে তা ভবিষ্যতে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দূতাবাসের বার্তায় সতর্ক করে বলা হয়, পরিকল্পনার বাইরে কোনো ভ্রমণ করলে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভবিষ্যতে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও থেকে যায়।
এ কারণে ভিসাধারীদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো যাত্রা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণ পরিকল্পনায় যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আগেভাগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, শেনজেন ভিসার নিয়মনীতি মেনে চলা ভবিষ্যতে ভিসা সুবিধা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মের প্রতি সম্মান দেখানোই ভ্রমণকারীদের জন্য সবচেয়ে নিরাপদ পথ।


