ইসলামী ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই—এমন স্পষ্ট অবস্থান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পরই এ বিষয়ে ‘জরুরি ঘোষণা’ দেয় তারা।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ (S M Farhad) স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ের একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে—এমন সংবাদ কিছু অনলাইন মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়, ইসলামী ছাত্রশিবিরের যে কোনো পর্যায়ের দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্য অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি তাকে প্রার্থী হিসেবেও ঘোষণা করা যাবে না। এটি সংগঠনের নীতির পরিপন্থী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কেউ যদি ছাত্রশিবিরের দায়িত্ব পালন শেষে সংগঠন থেকে বিদায় নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হন কিংবা নির্বাচনে অংশ নেন, সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
এ অবস্থায় বর্তমান দায়িত্বে থাকা কোনো নেতাকে ঘিরে এ ধরনের খবর প্রচারিত হলে তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


