টালিউড অভিনেত্রী রাইমা সেন (Raima Sen) অভিনীত নতুন সিনেমা ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত এই সিনেমাটি আগামী ২৯ মে প্রেক্ষাগৃহে আসছে। এতে অদিতির চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তীসহ আরও অনেকে।
তবে শুধু ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ নয়, একই মাসে মুক্তি পেতে যাচ্ছে রাইমার আরও একটি সিনেমা। টালি মেগাস্টার জিত (Jeet)-এর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায়। ছবিটি মুক্তি পাবে ২৭ মে। ফলে একই মাসে কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া এই দুই সিনেমা দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করেছে—দুটি সিনেমা কি একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামবে?
‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ নির্মিত হয়েছে উইন্ডোজ প্রোডাকশন (Windows Production)-এর ব্যানারে। এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটিই রাইমা সেনের প্রথম কাজ। অন্যদিকে নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতার জন্যও এটি বিশেষ অভিজ্ঞতা, কারণ এই প্রথম তারা সেন পরিবারের কারও সঙ্গে কাজ করলেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেন শিবপ্রসাদ।
অন্যদিকে রাইমা সেনও সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন—২৫ বছর পর তারা যখন তাকে নিয়ে ভাবলেন, সেটি তার কাছে ভীষণ আনন্দের ছিল। তিনি স্বীকার করেন, শুরুতে কিছুটা দ্বিধায় ছিলেন, কারণ পরিচালকদের সম্পর্কে আগে নানা কথা শুনেছিলেন।
তবে নন্দিতা রায়ের সঙ্গে প্রথম সাক্ষাতেই তার ধারণা বদলে যায়। রাইমা বলেন, তিনি নন্দিতাকে নিজের মায়ের মতোই অনুভব করেছেন। তার ভাষায়, নন্দিতাদি অত্যন্ত শান্ত ও দয়ালু স্বভাবের মানুষ, যিনি পুরো শুটিং জুড়েই তার খেয়াল রেখেছেন।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে রাইমার মন্তব্য, তিনি খুবই সহজ-সরল একজন মানুষ। এই দুই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল। শুধু পরিচালকই নয়, পুরো ইউনিটের সবার মধ্যেই আন্তরিকতা ছিল বলে জানান তিনি।
রাইমা আরও বলেন, কাজ করতে করতে কখন শুটিং শেষ হয়ে গেছে, তা টেরই পাননি। এত ব্যস্ততার মধ্যেও কখনো ক্লান্তি অনুভব করেননি তিনি। এই অভিজ্ঞতাকে ‘ভীষণ ভালো’ উল্লেখ করে ভবিষ্যতেও তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী।


