পশ্চিমবঙ্গ-আসামে বিজেপির জয়—দিল্লিতে উদযাপনে মোদি, বললেন ‘বাংলায় পদ্ম ফুটেছে’

পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পর দিল্লিতে দলীয় সদরদপ্তরে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার (৪ মে) সেখানে পৌঁছে তিনি দলের বিজয় উদযাপনে অংশ নেন। এ সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ধুতি, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV)-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বিজেপির সদরদপ্তরে উপস্থিত হন এবং বিজয়ের আনন্দে শরিক হন।

দুই রাজ্যে জয় নিশ্চিত হওয়ার পর দেশজুড়ে শুরু হয় বিজেপি সমর্থকদের উদযাপন। বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকেরা রঙ মেখে নাচে-গানে মেতে ওঠেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা যায় ভিন্নধর্মী উদযাপন—অনেকে ঐতিহ্যবাহী খাবার ঝালমুড়ি খেয়েও আনন্দ প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গের ফলাফল ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “বাংলায় পদ্ম ফুটেছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও দাবি করেন, এটি গণশক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয়।

পশ্চিমবঙ্গের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।”

এই বিজয়ের মধ্য দিয়ে বিজেপি তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ভবিষ্যতের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।