আন্তর্জাতিক চলচ্চিত্রের জমজমাট আয়োজনে আবারও পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের ২৭তম আসরের উদ্বোধনী দিনেই প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’, যার মাধ্যমে ১৭ মে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে উৎসবের যাত্রা।
লন্ডনের ঐতিহ্যবাহী জেনেসিস সিনেমা হল (Genesis Cinema Hall) প্রেক্ষাগৃহে বসতে যাচ্ছে এই সপ্তাহব্যাপী আয়োজন। রেইনবো ফিল্ম সোসাইটি (Rainbow Film Society) এর উদ্যোগে অনুষ্ঠিত উৎসবটি চলবে ২৩ মে পর্যন্ত।
এবারের আসরে বাংলাদেশসহ ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে বিশেষভাবে নজর কাড়ছে বাংলাদেশি সিনেমার শক্তিশালী উপস্থিতি।
‘আগন্তুক’ ছাড়াও উৎসবের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও বেশ কয়েকটি চলচ্চিত্র—‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’। এই বৈচিত্র্যময় নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রের প্রসার ও সম্ভাবনার একটি স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।
বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রশংসিত সিনেমাগুলোও থাকছে উৎসবের প্রদর্শনী তালিকায়। এর মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’।
উৎসবের সমাপ্তি ঘটবে ২৩ মে সন্ধ্যা ৬টায় ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’ প্রদর্শনের মধ্য দিয়ে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপনী অনুষ্ঠান ব্যতীত জেনেসিস সিনেমা হলের বাকি সব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।


