একের পর এক সম্মাননায় ভাসছেন ববিতা, এবার বিশ্ব মা দিবসে পাচ্ছেন ‘মা পদক ২০২৬’

২০২৬ সাল যেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা (Bobita)-র জন্য প্রাপ্তি আর সম্মাননার এক বিশেষ অধ্যায় হয়ে উঠেছে। একের পর এক পুরস্কার ও স্বীকৃতিতে আলোচনায় থাকা এ গুণী অভিনেত্রী এবার বিশ্ব মা দিবস উপলক্ষে পাচ্ছেন ‘মা পদক ২০২৬’।

এর আগে চলতি বছরেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। পাশাপাশি অর্জন করেছেন ‘হুস হু’ পুরস্কার। এছাড়া আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে তাকে দেওয়া হবে ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননা।

এরই মধ্যে নতুন আরেকটি সম্মাননার খবর জানালেন এই অভিনেত্রী। আগামী ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশন (Ali-Rupa Foundation)-এর পৃষ্ঠপোষকতায় তাকে প্রদান করা হবে ‘মা পদক ২০২৬’। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা এবং একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার কারণে বিশ্ব মা দিবস উপলক্ষে মা পদক পেতে যাচ্ছি— এটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশন-কে।’

জানা গেছে, সাংবাদিক অভি মঈনুদ্দীন (Abi Moinuddin)-এর উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করছে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’।

আয়োজক সূত্র জানিয়েছে, চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জন, সাংবাদিকতায় দুইজন এবং ব্যাংক, আইন-বিচার, বিমানবাহিনী ও চিকিৎসা পেশাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ও গর্বিত সন্তানের মায়েদের ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে।