যুক্তরাষ্ট্রে নি’\হত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (University of South Florida-USF)। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে খালি চেয়ারে গাউন ও টুপি সাজিয়ে রাখা হলে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়টির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে তাদের জন্য নির্ধারিত দুটি চেয়ার খালি রাখা হয়েছে। চেয়ার দুটিতে রাখা ছিল তাদের অ্যাকাডেমিক গাউন ও টুপি। মুহূর্তেই পুরো মিলনায়তজুড়ে নেমে আসে গভীর শোকের আবহ। সহপাঠী, শিক্ষক এবং উপস্থিত অনেককেই চোখের পানি মুছতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকেও ডিগ্রি প্রদান করা হয়েছে। এ বছর ডক্টরাল ডিগ্রিধারী ৩৯৩ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় জামিল আহমেদ লিমন (Jamil Ahmed Limon) ও নাহিদা সুলতানা বৃষ্টি (Nahida Sultana Brishti)-র নাম।
শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানের শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নির্ধারিত রেগালিয়ায় সজ্জিত দুটি খালি চেয়ার মঞ্চের সামনে রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভিডিওতে আরও দেখা যায়, লিমন ও বৃষ্টির স্মৃতিচারণ করতে গিয়ে অনেক সহপাঠী ও শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ গবেষণা, একাডেমিক পরিশ্রম ও শিক্ষাজীবনের স্বীকৃতি হিসেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মরণোত্তর ডিগ্রি প্রদান করেছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর দুই দিন পর একই এলাকার একটি ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় বৃষ্টির দেহাবশেষ।
এই হ’\ত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত হ’\ত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


