বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশি তারকা ডিজে সঞ্জয়, কেটি পেরি-নোরা ফাতেহিদের সঙ্গে জমবে আয়োজন

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ফিফা (FIFA) বিশ্বকাপ ২০২৬ ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছেই। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে উদ্বোধনী অনুষ্ঠানের তারকাবহুল লাইনআপ। আয়োজকদের ঘোষণায় জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের জমকালো মঞ্চে মার্কিন পপ তারকা কেটি পেরি (Katy Perry) ও বলিউড তারকা নোরা ফাতেহি (Nora Fatehi)-র পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান শিল্পী ডিজে সঞ্জয় (DJ Sanjay)।

বিশ্বকাপের এবারের আসর আয়োজন করছে তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সেই কারণে তিন দেশেই আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দেশটির উদ্বোধনী আয়োজন। সেখানে পারফর্ম করবেন গ্র্যামিজয়ী ব্যান্ড মানা, জনপ্রিয় শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। আয়োজকরা জানিয়েছেন, মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য এবং আধুনিক লোকজ আবহকে একসঙ্গে তুলে ধরা হবে এই আয়োজনে।

অন্যদিকে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডেও থাকছে বড় আয়োজন। দেশটির প্রথম ম্যাচের আগে মঞ্চে উঠবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারাসহ বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। আয়োজনে বিশ্বকাপ ট্রফির মোজাইক-অনুপ্রাণিত একটি বিশেষ সংস্করণও প্রদর্শন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

সবচেয়ে বেশি নজর এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের অনুষ্ঠানের দিকে। ফিফা একে ‘উচ্চ-শক্তির মহোৎসব’ হিসেবে বর্ণনা করেছে। কেটি পেরি ও ডিজে সঞ্জয়ের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান বিশ্বকাপের বৈশ্বিক বিস্তার ও সাংস্কৃতিক প্রভাবকে নতুনভাবে তুলে ধরবে বলেও দাবি আয়োজকদের।

এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবেই বিবেচিত হচ্ছে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজিত বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো একাধিক দেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে এবারই প্রথম অংশ নেবে ৪৮টি দল।

বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করতে রেকর্ড ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানিও ঘোষণা করেছে ফিফা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে অন্তত সাড়ে ১০ মিলিয়ন ডলার। আর শিরোপাজয়ী দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।