আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় নিজেদের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP)। রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam)।
সারজিস আলম বলেন, “আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র ঘোষণা করছি।”
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলের কাছে হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেই আবেদন যাচাই-বাছাইয়ের পর আপাতত প্রথম ধাপে ১০০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, আগামী ঈদের আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে।”
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শুধু দলীয় নেতাকর্মীরাই নন, দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা কিংবা অন্য রাজনৈতিক দলে থাকা গ্রহণযোগ্য ব্যক্তিরাও এনসিপির মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন।
এ প্রসঙ্গে সারজিস আলম বলেন, যেসব ব্যক্তি মানুষের ওপর কখনো জু’\লুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং যাদের সঙ্গে ফ্যা’\সিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা অপরাধমূলক সংশ্লিষ্টতা নেই, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলের সদস্য হলেও আবেদন করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, “আমরা সার্বিকভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব। অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।”
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দলটি মাঠ পর্যায়ে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে এখন থেকেই নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে।
