‘আমাকে বিকৃত করবেন না’—ফাঁস হওয়া অডিও নিয়ে কুদ্দুস বয়াতির আক্ষেপ

দেশের বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতি (Kuddus Boyati)-র পারিবারিক আলোচনার একটি অডিও রেকর্ড সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। অনুমতি ছাড়া ব্যক্তিগত কথোপকথন রেকর্ড ও প্রকাশ করাকে অন্যায় এবং অনৈতিক বলে মন্তব্য করেছেন এই শিল্পী। একই সঙ্গে এতে তার মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গত শনিবার বিকেলে নেত্রকোনা (Netrokona) জেলার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কুদ্দুস বয়াতি। এ সময় দেশবাসী ও সাংবাদিকদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

আক্ষেপ প্রকাশ করে এই লোকশিল্পী বলেন, “দুদিন আগে আমি আমার ঘরে বসে পারিবারিক আলোচনা করেছিলাম। সেখানে আমাদের নিজের লোকজন উপস্থিত ছিল। সন্তানদের শাসন করতে গিয়ে খোলামেলা কথাও বলেছি। কিন্তু আমার কথাগুলো যে রেকর্ড করা হয়েছে, সেটা আমি জানতাম না।”

তিনি বলেন, কে বা কারা সেই অডিও রেকর্ড করেছে এবং কোথায় প্রকাশ করেছে, সে বিষয়েও এখনো তিনি নিশ্চিত নন।

কুদ্দুস বয়াতির ভাষায়, “আমার অনুমতি ছাড়া এ কাজটি করা ঠিক হয়নি।”

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন বলেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। মানুষের ভালোবাসা নিয়েই তিনি সবসময় কাজ করে যেতে চান বলেও জানান।

গণমাধ্যমকর্মীদের প্রতিও আবেগঘন আহ্বান জানান এই শিল্পী। তিনি বলেন, “সাংবাদিকদের জন্যই আজ আমি কুদ্দুস বয়াতি হতে পেরেছি। তাই আমাকে যেন বিকৃত না করা হয় এবং আমার মানসম্মান নিয়ে টানাটানি না করা হয়।”

বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

পারিবারিক গোপনীয়তার বিষয়টিও সামনে আনেন কুদ্দুস বয়াতি। তিনি বলেন, প্রত্যেক পরিবারেরই ব্যক্তিগত কষ্ট, অভিমান ও আলোচনা থাকে, যা ঘরোয়া পরিসরেই সীমাবদ্ধ থাকা উচিত। অনুমতি ছাড়া পারিবারিক আলোচনার কথা রেকর্ড করে প্রকাশ করা অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ওই অডিও ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় এই লোকশিল্পী।