সেশনজট কমাতে বড় পরিকল্পনা, ১০ বছরেই এসএসসি ও ১২ বছরেই এইচএসসি শেষ করতে চায় সরকার

১০ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য সামনে রেখে নতুন কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন (Dr. A N M Ehsanul Haque Milon)। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের জীবনে যেন সেশনজট না থাকে এবং নির্ধারিত সময়েই শিক্ষা সম্পন্ন করা যায়, সেজন্য সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (Dhaka Residential Model College)-এ ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। তিনি জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সরকার শিগগিরই বৈঠকে বসবে। সেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে সিলেবাস সম্পন্ন করে সময় নষ্ট না করে যথাসময়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী বলেন, “তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছরের স্কুলিং ১০ বছরই থাকে। কোনো সেশনজট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো। তোমাদের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করব। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমানে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে, কারণ সবাই চায় পরীক্ষা সুন্দর হোক। শিক্ষার্থীদের ইচ্ছা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। “জোর করে কোনোদিন কাউকে কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে”— যোগ করেন মন্ত্রী।

বক্তব্যে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদের কথা উল্লেখ করেন। তার মতে, এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও দ্রুত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।