বিশ্বকাপের মঞ্চে আবারও শাকিরা, মুক্তি পেল অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

ফুটবল বিশ্বকাপ আর শাকিরা (Shakira)—এই দুই নাম যেন এখন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ‘ওয়াকা ওয়াকা’ আর ‘লা লা লা’র পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরলেন কলম্বিয়ান এই পপ তারকা। এবার তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয় (Burna Boy)।

সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে গানটির ঝলক দেখানো হয়েছিল। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম (Maracanã Stadium)-এ ধারণ করা সেই টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। অবশেষে শুক্রবার (১৫ মে) বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’।

একই দিন গানটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফিফা (FIFA) জানিয়েছে, গানটি থেকে অর্জিত রয়্যালটি তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষে এই খাত থেকে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে সুযোগ তৈরির কাজে ব্যয় করা হবে।

বিশ্বকাপের সংগীত ইতিহাসে শাকিরার নাম আগেই বিশেষ জায়গা করে নিয়েছে। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ দিয়ে কোটি কোটি ভক্তকে মাতিয়েছিলেন তিনি। এরপর দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরে এলেন এই কলম্বিয়ান তারকা।

এবারের বিশ্বকাপ বসছে যুক্তরাষ্ট্র (United States), কানাডা ও মেক্সিকোতে। ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। এটিই হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর।

ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম শোতে শাকিরার পাশাপাশি মঞ্চ মাতাবেন ম্যাডোনা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস। তবে তার আগ পর্যন্ত ভক্তদের হৃদয়ে দোলা দেবে ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’।