পাকিস্তান যদি সন্ত্রা’সীদের আশ্রয় দেয়া এবং ভারতবিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে দেশটি ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে টিকে থাকবে নাকি কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে— সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)। ভারতের সেনাপ্রধানের এই বক্তব্যকে পাকিস্তানের প্রতি সরাসরি ও কঠোর হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে।
জবাবে ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেন, তিনি আগেও এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন। তার ভাষায়, যদি পাকিস্তান সন্ত্রা’সীদের আশ্রয় দেয়া ও ভারতবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে দেশটি ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে কি না, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে।
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি ভারতীয় সামরিক বাহিনী ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে। গত বছরের ৭ মে পহেলগাম (Pahalgam) হামলার পর ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক স্থাপনায় বড় ধরনের সামরিক আ’ক্রমণ চালায়। ভারতীয় বাহিনীর ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিন্দুর’।
এরপর পাকিস্তানও পাল্টা আ’ক্রমণের চেষ্টা চালায় বলে ভারত দাবি করে। তবে ভারতীয় বাহিনীর শক্ত প্রতিরোধ ও পাল্টা ব্যবস্থা পরিস্থিতিকে দ্রুত আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে টানটান সামরিক উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।
ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা, কাশ্মীর ইস্যু এবং সন্ত্রা’সবাদকে কেন্দ্র করে অস্থিতিশীল। সাম্প্রতিক এই বক্তব্য নতুন করে দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
প্রতিবেদনটি প্রকাশ করেছে এনডিটিভি (NDTV)।


