ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁ’\স হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁ’\সের এই বড় কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ (NTA) নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির বিভিন্ন ছাত্র সংগঠন।
শনিবার (১৬ মে) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস (Indian National Congress)-এর ছাত্র সংগঠন ‘এনএসইউআই’-এর শত শত নেতাকর্মী দিল্লির রাস্তায় বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ‘এনটিএ’ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। এতে রাজধানীজুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
এদিকে প্রশ্ন ফাঁ’\সের এই চক্র ভাঙতে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সংস্থাটি জানিয়েছে, ঘটনার মূলহোতা হিসেবে পুনের রসায়ন বিষয়ের এক নামী অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশজুড়ে প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা এই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁ’\সের সত্যতা প্রকাশ্যে আসার পর গত মঙ্গলবার পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আগামী ২১ জুন নতুন করে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছেন তিনি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ বলছেন, শুধু পুনঃপরীক্ষা নয়—প্রশ্ন ফাঁ’\সের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থার পূর্ণ সংস্কার এখন সময়ের দাবি।
প্রশ্ন ফাঁ’\সের ঘটনায় ভারতের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষ করে লাখো শিক্ষার্থীর দীর্ঘ প্রস্তুতি ও মানসিক চাপের পর এমন কেলেঙ্কারি সামনে আসায় ক্ষোভ আরও তীব্র হয়েছে দেশজুড়ে।


