চীনে পৌঁছেছেন পুতিন, শি জিনপিংয়ের সঙ্গে কৌশলগত আলোচনা আজ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় চীন (China)-এ পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

বুধবার (২০ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে পারস্পরিক উদ্বেগ ও কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পুতিনের সফরের আগে বেইজিংয়ে অবস্থানরত রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভ (Denis Manturov)-এর সঙ্গে বৈঠক করেন চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো স্থায়ী কমিটির সদস্য ডিং শুয়েশিয়াং বলেন, দ্বিপাক্ষিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় ইতিবাচক গতি ধরে রাখতে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

রাশিয়া-চীন সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে পুতিনের এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বৈশ্বিক ভূরাজনীতি, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সমন্বয় এখন আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।