জনগণ এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য বুধবার কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় এ মন্তব্য করেন।
নিজের বক্তব্যে তিনি বলেন, দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধাভিত্তিক কর্মসূচি থাকলেও সাধারণ মানুষ এখনো প্রকৃত ন্যায়বিচার পাচ্ছে না। তার ভাষায়, মানুষকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ‘জাস্টিস কার্ড’।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিভিন্ন খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো এখনো অব্যাহত রয়েছে। হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, চাকরির ক্ষেত্রে ঘুষের অভিযোগ এবং থানাকেন্দ্রিক দালাল চক্রের প্রভাবের কারণে সাধারণ মানুষ নিয়মিত ভোগান্তির মুখে পড়ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, এসব সমস্যার কারণে মানুষ তাদের প্রাপ্য অধিকার ও মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ পুরোপুরি দূর হয়নি। একইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রও সংকুচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গু’\ম এবং হ’\ত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় অনেক ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে আগ্রহ হারিয়ে ফেলছেন বলেও দাবি করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগও প্রশ্নের মুখে পড়বে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং বিচারব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
