ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিক, বিস্ফোরণের আশঙ্কায় ৪০ হাজার মানুষের জরুরি সরিয়ে নেওয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া (California) অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক সংরক্ষণ ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আশপাশের একাধিক শহর থেকে প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) গালফ নিউজ (Gulf News)-এর এক প্রতিবেদনে বলা হয়, গার্ডেন গ্রোভ (Garden Grove) শহরে অবস্থিত একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার বড় স্টোরেজ ট্যাংক অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে পড়ে। এর পরপরই ট্যাংকের ভেতর থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ট্যাংকটিতে ৬ হাজার থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট সংরক্ষিত ছিল। এই রাসায়নিক সাধারণত প্লাস্টিক ও বিমানের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। তবে অতিরিক্ত তাপের কারণে ট্যাংকটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি (Craig Covey) বলেন, “এই ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে পারে। কখন এটি ঘটবে, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

ঝুঁকির মাত্রা বাড়তে থাকায় শুধু গার্ডেন গ্রোভ নয়, সাইপ্রেস (Cypress), স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক ও ওয়েস্টমিনস্টার শহরের কিছু অংশের বাসিন্দাদেরও দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ট্যাংকটি ফেটে গেলে রাসায়নিক পদার্থ মাটিতে ছড়িয়ে পড়তে পারে অথবা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীরা কারখানার আশপাশে বালুর বস্তা দিয়ে অস্থায়ী প্রতিরোধব্যবস্থা তৈরি করছেন। তাদের লক্ষ্য, কোনো রাসায়নিক পদার্থ যাতে ড্রেনেজ ব্যবস্থা বা খালের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে না পড়ে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মিথাইল মেথাক্রাইলেট থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে এলে শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া, বমি বমি ভাব এবং মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত দুটি ট্যাংকের মধ্যে একটিকে আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা গেলেও অন্যটি এখনও সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

এদিকে হঠাৎ করে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়ায় হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র ও অল্প কিছু ব্যক্তিগত সামগ্রী নিয়ে তড়িঘড়ি করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

কারখানা থেকে কয়েক ব্লক দূরে বসবাসকারী ড্যানি ফাম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁর রুমমেট দরজায় ধাক্কা দিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। আগের রাতে একটি ভিয়েতনামী রেস্তোরাঁয় দেরি পর্যন্ত কাজ করায় তিনি ঘটনাটি সম্পর্কে আগে কিছু জানতেন না।

ড্যানি ফাম বলেন, “এটা আমার জন্য খুবই মর্মান্তিক ছিল। আমি বুঝতেই পারিনি পরিস্থিতি এতটা গুরুতর। কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে।” পরে তিনি শুধু নিজের মানিব্যাগ ও পাসপোর্ট নিয়ে এলাকা ছেড়ে পাশের একটি শহরে বন্ধুর রেস্তোরাঁয় আশ্রয় নেন।

উল্লেখ্য, গার্ডেন গ্রোভ শহরটি লস অ্যাঞ্জেলেস (Los Angeles) নগরকেন্দ্র থেকে প্রায় ৩৮ মাইল বা ৬১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়া এটি ডিজনিল্যান্ড (Disneyland)-এর দুটি থিম পার্ক থেকে এক মাইলেরও কম দূরত্বে। শহরটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ভিয়েতনামী জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবেও পরিচিত।