‘ট্রাম্প মহিষ’ ঘিরে বিশ্বজুড়ে আলোচনা, এবার মজার প্রতিক্রিয়া জানাল ইরান

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম (Rabeya Agro Farm)-এ লালিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেরও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারত, পাকিস্তান ও তুরস্কের সংবাদমাধ্যমে আলোচিত হওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমেও উঠে এসেছে বাংলাদেশের এই ব্যতিক্রমী মহিষের গল্প। আর সেই আলোচনায় এবার যোগ দিয়েছে ইরানও।

শুক্রবার (২২ মে) রাশিয়ায় ইরানের দূতাবাস (Embassy of Iran in Russia) তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে রসাত্মক মন্তব্য করে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বিরক্ত বোধ করছে বাংলাদেশি মহিষটি।”

ভিডিওটি ছিল রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-এর প্রকাশিত একটি প্রতিবেদনের অংশ। ইরানি দূতাবাস তাদের পোস্টে আরটির শিরোনামও উল্লেখ করে। সেখানে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এই বাংলাদেশি মহিষটিকে একনজর দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছেন, আর সেই কারণেই নাকি তার খাওয়ার রুচিও কমে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সঙ্গে চেহারাগত মিলের কারণে মহিষটির মালিক মজা করেই এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটির সোনালি বর্ণের চুল ও মুখাবয়ব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জে অবস্থিত খামারটিতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তাঁর ছোট ভাই প্রথমে মহিষটির মাথার চুল দেখে রসিকতা করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি প্রস্তাব করেছিলেন। পরে সেটিই স্থায়ী হয়ে যায়। তিনি বলেন, মহিষটি অত্যন্ত শান্ত স্বভাবের এবং অ্যালবিনো মহিষ সাধারণত উত্তেজিত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।

এদিকে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া (The Times of India) এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “দেখুন: ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কেড়েছে।”

শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর মধ্যেও বিষয়টি ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উভয়েই মহিষটিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ উপাধির অনুকরণে এএফপি তাদের প্রতিবেদনের শিরোনামে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ হিসেবে উল্লেখ করে। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনের শিরোনাম ছিল, “বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদকে ঘিরে আলোড়ন সৃষ্টি করেছে।”

একটি খামারের অ্যালবিনো মহিষ কীভাবে স্থানীয় কৌতুক থেকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে পৌঁছে গেল, সেই গল্পই এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ব গণমাধ্যমে সমানভাবে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।