আপিল বিভাগে বিচারক সংকটে বিচারব্যবস্থা স্থবির: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় দেশের বিচারব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (Supreme Court Bar Association)-এর সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (Barrister Mahbub Uddin Khokon)।

রোববার (২৪ মে) দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি ও নিষ্পত্তি ব্যাহত হচ্ছে। এতে বিচারপ্রার্থী মানুষ দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন এবং মামলাজট আরও বাড়ছে।

তিনি বিশেষ করে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হ’\ত্যার মতো স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ধরনের মামলায় দ্রুত আপিল শুনানি ও রায় নিশ্চিত করতে বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানান তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতির মতে, বিচারব্যবস্থাকে সচল ও কার্যকর রাখতে আপিল বিভাগ এবং হাইকোর্ট— উভয় জায়গাতেই দ্রুত পর্যাপ্ত বিচারপতি নিয়োগ দেওয়া জরুরি।

তিনি বলেন, বিচারক সংকট নিরসন না হলে মামলাজট আরও প্রকট আকার ধারণ করবে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ দীর্ঘতর হবে।