‘সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাশের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’, প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

সচিবের স্বাক্ষর ছাড়া জোর করে ফাইল পাশ করানোর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট ফাইল জনসমক্ষে প্রকাশ করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম (Mir Shahe Alam)-কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সাবেক এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল বাইপাস করে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে যাওয়ারই কথা না। এটা আসাই সম্ভব না।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি শেয়ার করেন কোন ফাইলে ইলিগ্যালি (বেআইনিভাবে) সচিবের অগোচরে উপদেষ্টা স্বাক্ষর করেছে।’ পাশাপাশি তিনি দাবি করেন, যদি কোনো অনিয়ম হয়ে থাকে তবে সেটি জনগণের সামনে তুলে ধরা উচিত।

তার ভাষায়, ‘বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে।’

এদিকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেন, প্রকল্পের টেন্ডার দেওয়ার পরও কোনো কাজ না করেই প্রায় ছয় হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো কার্যত বন্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এই অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেন, ওই দুর্নীতির বিষয়টি তার দায়িত্ব পালনের সময়েই মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসে এবং পরবর্তীতে বিষয়টি দুদক (Anti-Corruption Commission-ACC)-কে জানানো হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা তদন্ত কমিটির মাধ্যমে দুর্নীতিটা বের করেছিলাম এবং টাকার পরিমাণসহ দুদককে জানিয়েছিলাম।’

অভিযোগের সত্যতা যাচাইয়ে উন্মুক্ত আলোচনারও আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রয়োজনে থার্ড পার্টি টিভি চ্যানেলকে বলেন, আমরা ওই ফাইলটা নিয়ে টক শোতে বসি।’

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে সম্প্রতি সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে সচিবের স্বাক্ষর ছাড়া প্রকল্প ফাইল পাশের অভিযোগ তোলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।