‘মাস্টারমাইন্ড নয়, ব্রেইনস বিহাইন্ড বলেছিলেন’— ড. ইউনূসকে ঘিরে ব্যাখ্যায় মাহফুজ আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuj Alam) দাবি করেছেন, তাকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) কখনো ‘মাস্টারমাইন্ড’ শব্দ ব্যবহার করেননি। বরং পরিচয় করিয়ে দেওয়ার সময় ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন, যা তার মতে পশ্চিমা রাজনৈতিক পরিসরে একটি স্বাভাবিক ও ইতিবাচক অভিব্যক্তি।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাহফুজ আলম।

তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন ‘হ’\ত্যাকা’\ণ্ডের মাস্টারমাইন্ড’? মাস্টারমাইন্ড সবসময়ই নেতিবাচক অর্থ বহন করে।”

মাহফুজ আলমের দাবি, তাকে নিয়ে ড. ইউনূস কিংবা সাবেক প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) যে বক্তব্য দিয়েছেন, সেখানেও ‘মাস্টারমাইন্ড’ শব্দটির কোনো ব্যবহার ছিল না।

তিনি বলেন, “স্যার খুবই স্পষ্টভাবে ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে।”

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, “আমরা কি কখনো বলি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান (Ayub Khan) বলেছেন, ইয়াহিয়ার শাসনামল বলেছে, পাকিস্তানের সামরিক জান্তা বলেছে। আজকে একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ (Awami League)।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ (United Nations General Assembly)-এর ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে অংশ নেন তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিনটনের সঙ্গে আলাপকালে সফরসঙ্গী কয়েকজনকে পরিচয় করিয়ে দেন তিনি। সে সময় কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গে মাহফুজ আলমকে ‘ব্রেইনস বিহাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন বলে জানা যায়।

মাহফুজ আলমের এই বক্তব্যের মাধ্যমে ‘মাস্টারমাইন্ড’ ও ‘ব্রেইনস বিহাইন্ড’ শব্দদ্বয়ের ব্যাখ্যা এবং তা নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কে নতুন আলোচনা যুক্ত হয়েছে।