বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল (Brazil) মুখোমুখি হবে হাইতি (Haiti)-র। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করায় এবার পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত সেলেসাওরা।
ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti)। সংবাদ সম্মেলনে তিনি জানান, হাইতির বিপক্ষে শুরুর একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। তবে সেই পরিবর্তন খুব বেশি হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইবানেজ ও ইগর থিয়াগোর জায়গায় এই ম্যাচে শুরু থেকেই দেখা যেতে পারে দানিলো (Danilo) এবং মাথিউস কুনহা (Matheus Cunha)-কে।
তবে ব্রাজিল শিবিরের জন্য বড় দুঃসংবাদ হলো, চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র (Neymar Jr.) এই ম্যাচেও মাঠে নামতে পারছেন না। ফলে তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের পথ খুঁজতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।


