একদিনেই তিন দেশে শক্তিশালী ভূমিকম্প, ভেনেজুয়েলায় বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে

বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে তিনটি দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ভেনেজুয়েলা (Venezuela), যেখানে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই দিনে জাপান (Japan)-এ ৬ দশমিক ৯ মাত্রার এবং যুক্তরাষ্ট্র (United States)-এর ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)-এর তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এই ধারাবাহিক কম্পনে ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু এলাকায় একের পর এক ভবন ধসে পড়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পে মৃ’\তের সংখ্যা ১০ হাজারে পৌঁছানোর সম্ভাবনা ৪৪ শতাংশ। একই সঙ্গে প্রাণহানি ১ লাখ অতিক্রম করার সম্ভাবনাও ৩০ শতাংশ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত অঞ্চলটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে বহু ভবন রিইনফোর্সড ইট এবং মাটির ব্লক দিয়ে নির্মিত হওয়ায় শক্তিশালী কম্পনের ফলে ভবন ধসে পড়া এবং ব্যাপক প্রাণহানির ঝুঁকি বেড়ে গেছে।

এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ (Delcy Rodríguez)।

তিনি জানান, মাইকেতিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ায় তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্কুলের শ্রেণিকক্ষ কার্যক্রম বাতিল, মেট্রো ও রেলসেবা স্থগিত এবং সব ধরনের অপ্রয়োজনীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৯। তবে এ ঘটনার পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর না মিললেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এ ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত হ’\তাহ’\তের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির মূল্যায়ন অব্যাহত রয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল কুজি থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর জেআর ইস্ট বা ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত তাদের বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করে।

এদিকে, উত্তর ক্যালিফোর্নিয়ায় বুধবার সকালে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালি থেকে প্রায় ৭ মাইল উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ইউরেকা থেকে শুরু করে স্যাক্রামেন্টো পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কম্পন অনুভব করেছেন। উপকেন্দ্রের কাছাকাছি অবস্থানকারীদের অনেকেই কম্পনকে অত্যন্ত শক্তিশালী বলে বর্ণনা করেছেন।

ইউটিলিটি ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট কমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর মেন্ডোসিনো কাউন্টির প্রায় ৭ হাজার ৪০০ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বাসিন্দাদের ফোনে ‘শেকঅ্যালার্ট’ থেকে সতর্কবার্তা পাঠানো হয়। ইউএসজিএস পরিচালিত এই ব্যবস্থা ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে জনপ্রিয় ‘মাইশেক’ অ্যাপে তথ্য পাঠায়।

ইউসি বার্কলে সিসমোলজি ল্যাবের মাইশেক অ্যাপের ব্যবস্থাপক সুরেশ রমন বলেন, “এ ঘটনার সময় মাইশেক অ্যাপটি সম্পূর্ণ কার্যকর ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষকে সতর্ক করতে সক্ষম হয়েছে।”

সূত্র: সিএনএন, আলজাজিরা, বিবিসি