ভিনিসিউসের বাতিল গোল ঘিরে বিতর্ক, রেফারির সিদ্ধান্তকে ‘স্পষ্ট ভুল’ বললেন ড্যারেন ক্যান

বিশ্বকাপে ব্রাজিল (Brazil) ও স্কটল্যান্ড (Scotland) ম্যাচে ভিনিসিউস জুনিয়রের একটি গোল বাতিল হওয়ার ঘটনা নিয়ে ফুটবল অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচে ব্রাজিল ৩-০ ব্যবধানে বড় জয় তুলে নিলেও, ২৫তম মিনিটে মেক্সিকান রেফারি সিজার রামোস ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দলের নেওয়া একটি সিদ্ধান্ত ঘিরে আলোচনা যেন থামছেই না।

ম্যাচের ২৫তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির কাছ থেকে দারুণ এক ট্যাকলে বল কেড়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র (Vinicius Junior)। এরপর বল জালে পাঠিয়ে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মাঠে থাকা সমর্থক ও ব্রাজিলের খেলোয়াড়রা যখন দ্বিতীয় গোলের উদ্‌যাপনে মেতে উঠেছিলেন, ঠিক তখনই আসে ভিএআরের হস্তক্ষেপ।

রিপ্লেতে দেখা যায়, বলের নিয়ন্ত্রণ নেওয়ার ঠিক আগমুহূর্তে ভিনিসিউসের পা স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি (Jack Hendry)-র পায়ে সামান্য আ’\ঘাত করেছিল। এরপর মাঠের পাশের মনিটরে ঘটনাটি পর্যালোচনা করেন মেক্সিকান রেফারি সিজার রামোস (Cesar Ramos)। রিভিউ শেষে তিনি ভিনিসিউসের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজান এবং গোলটি বাতিল ঘোষণা করেন।

তবে রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেননি বিবিসির নিয়ম বিশেষজ্ঞ এবং প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক ম্যাচের সাবেক অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্ট রেফারি ড্যারেন ক্যান (Darren Cann)। ম্যাচ চলাকালে সরাসরি সম্প্রচারে তিনি সিদ্ধান্তটির তীব্র সমালোচনা করেন। তার মতে, ওই ঘটনায় রেফারি রামোস স্পষ্ট ভুল করেছেন।

ঘটনাটির ব্যাখ্যা দিতে গিয়ে ড্যারেন ক্যান বলেন, ‘আমার মনে হয়, স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য একটু সংযোগ হয়েছিল, সেটি ঠিক। কিন্তু আমার কোনোভাবেই মনে হয়নি, এটি ভিনিসিউস জুনিয়রের ফাউল ছিল।’

তিনি আরও বলেন, ‘ভিনিসিউস কেবল নিজের জায়গা ধরে রেখেছিলেন। ডিফেন্ডার নিজেই এগিয়ে এসে তাকে লা’\থি মারেন। এই সিদ্ধান্তের কারণে স্কটল্যান্ড নিশ্চিতভাবেই আনন্দিত হবে। তবে আমি বলব, তারা সিদ্ধান্তটি পেয়েছে সৌভাগ্যবশত।’

শেষ পর্যন্ত ব্রাজিল বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লেও, ভিনিসিউসের বাতিল হওয়া গোল এবং ভিএআরের ভূমিকা ম্যাচের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে সাবেক অভিজ্ঞ রেফারি ড্যারেন ক্যানের সরাসরি সমালোচনার পর সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।