দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’—এমন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে একই দিনে রাজধানীর শাহবাগ (Shahbag), উত্তরা (Uttara) এবং মিরপুর (Mirpur) এলাকাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।
শুধু রাজধানীতেই নয়, ঢাকার বাইরে রাজশাহী (Rajshahi), বরিশাল (Barishal), কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বাইরে অন্য কোথাও কর্মসূচি শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
