বিশ্বকাপে নতুন ইতিহাস, চ্যাম্পিয়ন দল এবার পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’

এতদিন বিশ্বকাপ জয়ের স্মৃতি সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও বিজয়ী পদকে। তবে এবার সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

নতুন এই উদ্যোগের মাধ্যমে শিরোপাজয়ী খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাফল্যকে আরও স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েছে ফিফা (FIFA)। ট্রফি ও পদকের পাশাপাশি এই চ্যাম্পিয়নশিপ রিং বিশ্বকাপ জয়ের গৌরবের আরেকটি প্রতীক হিসেবে জায়গা করে নেবে।

ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে এই বিশেষ রিং তুলে দেওয়া হবে। মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি ১ হাজার ৯৯৬টি সমর্থকদের জন্য বাজারে উন্মুক্ত করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে একটি অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। এরপর চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর সংযুক্ত থাকবে। পাশাপাশি প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে অথেনটিসিটির সনদ, যা এর মৌলিকতা ও স্বীকৃতি নিশ্চিত করবে।

এই নতুন সম্মাননার মাধ্যমে বিশ্বকাপজয়ীদের অর্জনকে আরও বিশেষভাবে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিল ফিফা।

প্রসঙ্গত, আগামী রোববার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম (MetLife Stadium)-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে।