এ’\আই দৌড়ে নতুন মোড়, বাজারমূল্যে আবারও এনভিডিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এ’\আই) খাতে বিনিয়োগকারীদের আগ্রহের ধরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান আবারও নিজেদের দখলে নিয়েছে অ্যাপল (Apple)। এক বছরেরও বেশি সময় পর বাজারমূল্যে এনভিডিয়া (NVIDIA)-কে ছাড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, অ্যাপলের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলারে। বিপরীতে এনভিডিয়ার বাজারমূল্য কমে হয়েছে ৪ দশমিক ৮৬ ট্রিলিয়ন ডলার। এদিন কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমে যাওয়ায় বাজারমূল্যেও উল্লেখযোগ্য প্রভাব পড়ে এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানের অবস্থান হারাতে হয় তাদের।

গত বছরের অক্টোবরে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল এনভিডিয়া। তবে সাম্প্রতিক সময়ে এ’\আই খাতে বিনিয়োগকারীদের অগ্রাধিকার বদলে যাওয়ায় প্রযুক্তি খাতের বাজারচিত্রেও এসেছে নতুন পরিবর্তন।

সম্প্রতি অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ ডিজিটাল সহকারী ‘সিরি’র নতুন সংস্করণ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণটি ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট আরও ভালোভাবে বুঝতে সক্ষম। পাশাপাশি এটি ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারে এবং আগের তুলনায় আরও জটিল বিভিন্ন কাজ সম্পাদন করার সক্ষমতাও অর্জন করেছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ফাউন্ডার ইটিএফস (Founder ETFs)-এর প্রতিষ্ঠাতা মাইকেল মোনাঘান (Michael Monaghan) বলেন, এতদিন বিনিয়োগকারীদের মূল আগ্রহ ছিল এ’\আই মডেল নির্মাতা ও চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলোর দিকে। কিন্তু এখন তারা বেশি গুরুত্ব দিচ্ছেন এমন প্রতিষ্ঠানকে, যারা এ’\আই প্রযুক্তিকে বাস্তব ব্যবহারকারীদের জন্য কার্যকর সেবা এবং বাণিজ্যিক সুবিধায় রূপ দিতে পারছে।

বিশ্লেষকদের মতে, এ’\আই প্রতিযোগিতায় তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকলেও আইফোন ব্যবহারকারীদের বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে অ্যাপলের জন্য বড় ধরনের প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করতে পারে।

আগামী ৩০ জুলাই অ্যাপল চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে। এর আগে প্রতিষ্ঠানটি চলতি প্রান্তিকে ১৪ থেকে ১৭ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা বিনিয়োগকারীদের প্রত্যাশাকেও বাড়িয়ে তুলেছে।

এদিকে সেপ্টেম্বরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক (Tim Cook) দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাসের কাছে।

অন্যদিকে, সেমিকন্ডাক্টর শিল্পে প্রতিযোগিতা বাড়তে থাকায় এনভিডিয়ার ওপরও চাপ বাড়ছে। নতুন কয়েকটি প্রতিষ্ঠানের উত্থানে বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে অ্যাপলের বাজারমূল্য বাড়লেও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এদিন ছিল নিম্নমুখী প্রবণতা। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ১ দশমিক ৬ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৯ শতাংশ এবং ডাও জোন্স সূচক ০ দশমিক ২৫ শতাংশ কমেছে।

তথ্যসূত্র: আল জাজিরা